বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে
আজ বুধবার (১২ আগস্ট) বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে পৃথিবী—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের পুরো চাকতি ঢেকে দিলে নির্দিষ্ট অঞ্চলে দিনের আলো সাময়িকভাবে অন্ধকারে পরিণত হবে।
যেসব দেশ থেকে পূর্ণগ্রাস দেখা যাবে
নাসার তথ্য অনুযায়ী, পূর্ণগ্রাসের মূল পথ বিস্তৃত হয়েছে উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং পর্তুগালের একটি ছোট অংশে। ইউরোপের বড় অংশ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং উত্তর আমেরিকার কিছু এলাকা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
স্পেনের কিছু এলাকায় সূর্যাস্তের ঠিক আগে পূর্ণগ্রাস দেখা যাবে। ফলে সেখানে একই সঙ্গে সূর্যগ্রহণ ও গ্রহণকালীন সূর্যাস্তের বিরল দৃশ্য দেখা যেতে পারে।
বাংলাদেশ থেকে দেখা যাবে?
না, বাংলাদেশ থেকে ১২ আগস্টের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। গ্রহণের মূল পথ বাংলাদেশ থেকে অনেক দূরে উত্তর আটলান্টিক ও ইউরোপমুখী অঞ্চলে অবস্থিত।
পূর্ণগ্রাসের সর্বোচ্চ স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড—তাও গ্রহণের কেন্দ্রীয় পথের নির্দিষ্ট অংশে।
২০২৪ সালের ৮ এপ্রিল উত্তর আমেরিকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। ২০২৬ সালের এই গ্রহণের পর ২০২৭ সালের ২ আগস্ট আরেকটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে, যার দৃশ্যমানতার মধ্যে থাকবে স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের কিছু অংশ।
সতর্কতা: পূর্ণগ্রাসের কয়েক মিনিটের বাইরে সূর্যের দিকে সরাসরি তাকানো নিরাপদ নয়। আংশিক গ্রহণ দেখার সময় অবশ্যই অনুমোদিত সৌরচশমা বা নিরাপদ সৌর ফিল্টার ব্যবহার করতে হবে। সাধারণ সানগ্লাস নিরাপদ নয়।
