সুনামগঞ্জের তাহিরপুরে র‍্যাব-৯-এর অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন বালিজুরি ইউনিয়নের বালিজুরি পূর্বহাটি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে।

গ্রেপ্তাররা হলেন— আলি হোসেন (৩৫), পিতা-আশরাফ উদ্দিন এবং এনামুল (৩৫), পিতা-মৃত নিজাম উদ্দিন। তারা দুজনই তাহিরপুর উপজেলার বালিজুরি এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় তাদের হেফাজতে থাকা দুটি কালো রঙের বায়ুরোধক পলিথিনে রাখা ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।