জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন ইবনে হাসান নামে দুই ছাত্রদল নেতা। মঙ্গলবার দুপুরে নিজেদের ফেসবুক পেইজে এক পদত্যাগ পত্র পোষ্ট করেন পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক মোঃ ইবনে হাসান।
পত্রে জানা যায়, গত ২০২২ ইং সাল থেকে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন ইবনে হাসান। তিনি সোমবার রাতে ব্যক্তিগত ও পারিবারিক কারন দেখিয়ে স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক থেকে পদত্যাগ করেন। এদিকে একই কমিটির সহ-সভাপতি ও বিএনপির দুঃসময়ের ছাত্রদলের কর্মী মেহেদী হাসান রিংকু তার পদত্যাগ পত্রে কর্মীর অবমূল্যায়ন ও রাজনৈতিক অবকাঠামো বিঘ্ন ঘটার কারন দেখিয়ে স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।
এ বিষয়ে সদ্য পদত্যাগকৃত ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু বলেন, আমি ২০০৯ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। বিএনপির দুঃসময়ে ছাত্রদলের রাজনীতি করেছি। কিন্তু বর্তমানে বিএনপির সুসময়ে কর্মীর অবমূল্যায়ন ও রাজনৈতিক অবকাঠামো বিঘ্ন ঘটার কারনে আমি স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছি।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল বলেন, আমরা এখনো পদত্যাগের বিষয়ে অবগত নই। অফিসিয়ালি আমরা উপজেলা ছাত্রদল কারো কোন পদত্যাগ পত্র হাতে পাইনি।