কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নোয়াখালীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে।

​সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

​আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, সুস্থ জীবনধারণ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় কৃষির ভূমিকা অপরিসীম। ফরমালিন ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে নিজেদের উৎপাদিত কৃষিপণ্যের কোনো বিকল্প নেই। সনাতন পদ্ধতির পাশাপাশি এখন অনেকে বাড়ির ছাদেও শাকসবজি চাষ করছেন। কৃষকদের ভাগ্যোন্নয়নে সরকার কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড প্রদান এবং কৃষি ঋণ মওকুফের মতো পদক্ষেপ নিয়েছে।

​জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার করের সভাপতিত্বে এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোশরেফুল হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, বিএআরআই-এর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমির হোসেন মো. আমীর ফয়সল, বিএডিসি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ খালেদুজ্জামান, পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ড. নূর আলম সিদ্দিকী, জেলা কৃষক দলের সভাপতি ফজলে এলাহী ভিপি পলাশ এবং স্থানীয় সাংবাদিকরা।

​আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল থেকে সাধারণ দর্শনার্থী ও কৃষকদের জন্য উন্মুক্ত থাকবে।