সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ ও চাচাতো ভাই আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধকালীন অপরাধের বিচার শেষে মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত এ রায় দেন।
আদালতের রায়ে বাশার আল-আসাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে রাশিয়ায় নির্বাসিত থাকা বাশারকে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইভাবে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার ভাই মাহের আল-আসাদকেও।
অন্যদিকে, আতেফ নাজিবকে আদালতে হাজির করে রায় ঘোষণা করা হয়। গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হওয়া নাজিব বিচার চলাকালে বন্দীদের জন্য নির্ধারিত খাঁচায় দাঁড়িয়ে রায় শোনেন।
২০১১ সালে সিরিয়ার দ্রা প্রদেশে সরকারবিরোধী আন্দোলন দমনে নাজিবের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। আদালত তাকে শিশু হত্যা ও নির্যাতনের মাধ্যমে প্রাণহানির মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করেছে।
বিচারক আল-আরিয়ান বলেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে প্রমাণিত হয়েছে যে বাশার আল-আসাদ ছিলেন রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী এবং তার নির্দেশেই এসব অপরাধ সংঘটিত হয়েছে।
২০২৪ সালে দীর্ঘ শাসনের অবসানের পর বাশার আল-আসাদের বিরুদ্ধে এটিই অন্যতম গুরুত্বপূর্ণ বিচারিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: আল জাজিরা
