২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জ জেলায় পাসের হার ৫৩ দশমিক ৮৪ শতাংশ। এ বছর জেলার ১২টি উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ২৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৬১৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) সারাদেশের সঙ্গে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসের প্রকাশিত উপজেলা ভিত্তিক ফলাফলের তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। জাতীয় পর্যায়ে এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জে এসএসসি পরীক্ষায় মোট ১৮ হাজার ২৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার জন। এ পরীক্ষায় জেলার পাসের হার ৫৪ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১০ জন।
উপজেলা ভিত্তিক ফলাফলে সুনামগঞ্জ সদর উপজেলায় ২ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬২৮ জন পাস করেছে। পাসের হার ৬৫ দশমিক ৭৮ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে সর্বোচ্চ ১৬৩ জন।
শান্তিগঞ্জে ৯৫৫ জনের মধ্যে ৬০৬ জন পাস করেছে। পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০ জন। ছাতকে ৩ হাজার ১৮৭ জনের মধ্যে ১ হাজার ৬৫৯ জন পাস করেছে। পাসের হার ৫২ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন।
জগন্নাথপুরে ১ হাজার ৮৮৭ জনের মধ্যে ১ হাজার ১৩ জন পাস করেছে। পাসের হার ৫৩ দশমিক ৬৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। দোয়ারাবাজারে ১ হাজার ৫০০ জনের মধ্যে ৭১৮ জন পাস করেছে। পাসের হার ৪৭ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন।
জামালগঞ্জে ৯৬১ জনের মধ্যে ৬১০ জন পাস করেছে। পাসের হার ৬৩ দশমিক ৪৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। দিরাইয়ে ২ হাজার ১৩৮ জনের মধ্যে ১ হাজার ৬১ জন পাস করেছে। পাসের হার ৪৯ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।
শাল্লায় ৮৬১ জনের মধ্যে ৪৮২ জন পাস করেছে। পাসের হার ৫৫ দশমিক ৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ জন। বিশ্বম্ভরপুরে ১ হাজার ৯ জনের মধ্যে ৫৪৯ জন পাস করেছে। পাসের হার ৫৪ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।
তাহিরপুরে ১ হাজার ৫০০ জনের মধ্যে ৬৫৫ জন পাস করেছে। পাসের হার ৪১ দশমিক ১৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ জন। মধ্যনগরে ৭৩০ জনের মধ্যে ৪৫০ জন পাস করেছে। পাসের হার ৬১ দশমিক ১৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।
ধর্মপাশায় ১ হাজার ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬৯ জন পাস করেছে। পাসের হার ৫২ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।
অন্যদিকে, জেলার ১২ উপজেলায় দাখিল পরীক্ষায় মোট ৩ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ১৪ জন। এ পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৫৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০০ জন পাস করেছে। পাসের হার ৫১ দশমিক ৯০ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮ জন।
সব মিলিয়ে সুনামগঞ্জ জেলায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ২৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৬১৪ জন উত্তীর্ণ হয়েছে। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন শিক্ষার্থী।
জাতীয় গড় পাসের হারের তুলনায় সুনামগঞ্জের ফলাফল পিছিয়ে থাকলেও জেলার বিভিন্ন উপজেলায় কৃতী শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।