হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য, অগণতান্ত্রিক ও অমানবিক দাবির তীব্র নিন্দা এবং সম্পূর্ণ প্রত্যাখ্যান জানিয়েছেন হেযবুত তওহীদ-এর ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
রবিবার (৯ আগস্ট ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান। সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর সফরকালে হেফাজতের পক্ষ থেকে পেশ করা ৯ দফা দাবির ৬ নম্বর দফায় হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
তিনি জানান,প্রতিষ্ঠার পর থেকে হেযবুত তওহীদ দেশের প্রচলিত আইন মেনে শান্তিকামী ও নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। কেবল ধর্মীয় মতপার্থক্যের অজুহাতে এই সংগঠনকে নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ অযৌক্তিক।
ইসলাম ধর্মে আকিদাগত ও দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য পুরোনো ঐতিহ্য। পারস্পরিক মতপার্থক্যের জেরে একে অপরকে নিষিদ্ধ করার দাবি তোলার সংস্কৃতি দেশের নাগরিক ও সাংবিধানিক স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর উস্কানি বা চাপে বিভ্রান্ত না হয়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও আইনগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি ।
হেফাজতের কতিপয় নেতৃত্ব দীর্ঘদিন ধরে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সমাজে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে যা দেশের শান্তিশৃঙ্খলার জন্য বিপর্যয় ডেকে আনতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হেযবুত তওহীদকে নিষিদ্ধ করতে হেফাজতে ইসলামের দাবি প্রত্যাখ্যান ও নিন্দা