সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৭ বাংলাদেশির মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। শনাক্তদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং পাঁচজন নাটোরের নলডাঙ্গা উপজেলার বলে জানা গেছে।
রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
শনাক্ত ১০ বাংলাদেশি হলেন—নওগাঁর কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের গুফফার প্রামানিক, তাঁর দুই ছেলে মহুন প্রামানিক ও সুমন প্রামানিক, জাননার ছেলে রুবেল হোসেন, ফজলুর ছেলে কলি প্রামানিক, সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ, বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন, চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ, মৃত রুহুলের ছেলে সুমন এবং পাচুপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিল।
জেলা প্রশাসক জানান, সৌদি আরবের ওই সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে নওগাঁসহ অন্যান্য জেলার কতজন নিহত হয়েছেন, তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, নিহতদের পরিচয় ও সংখ্যা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সোমবার সকালে এ বিষয়ে আরও নির্ভুল তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।