বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে নতুন ইতিহাস গড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
রোববার বিকেলে নাটোরের লালপুর উপজেলার মহড়কয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাব বিভিন্ন দেশের অর্থনীতিতে পড়লেও বাংলাদেশ পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। জনগণের কল্যাণে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নানা চ্যালেঞ্জ থাকলেও সরকার জনগণের কল্যাণে কাজ করছে। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।
সরকারের অগ্রাধিকার তুলে ধরে ফারজানা শারমিন পুতুল বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহড়কয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. ইসমত আলী। বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মুলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কলেজের শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।