ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

সমাবেশস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে প্রধানমন্ত্রী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে দেশের চিকিৎসক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি আধুনিক, মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে চিকিৎসকদের অংশগ্রহণ অপরিহার্য।

তিনি স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করতে চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে ড্যাবের নেতাকর্মী, চিকিৎসক ও স্বাস্থ্য খাতের পেশাজীবীরা অংশ নেন। বক্তারা চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন এবং জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ড্যাব নেতারা আশা প্রকাশ করেন, স্বাস্থ্য খাতকে জাতীয় উন্নয়নের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে চিকিৎসাসেবার মানোন্নয়ন, হাসপাতাল ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।