এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি)–এর একটি কক্ষে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) দুপুরে ডিজিএফআই সদর দপ্তরে অবস্থিত জেআইসি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, এক-এগারোর সময় তারেক রহমানকে জেআইসির একটি কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তার ওপর নির্যাতন চালানো হয়। তদন্তে বিভিন্ন সাক্ষীর বক্তব্য থেকে এ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আয়নাঘর’ হিসেবে পরিচিত জেআইসিতে বিভিন্ন সময় মানুষকে ধরে এনে বন্দি রাখা এবং নির্যাতন করা হতো। ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে সেখানকার নির্মম পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

আমিনুল ইসলাম অভিযোগ করেন, ৫ আগস্টের পর জেআইসি সেলের অনেক আলামত ও গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে। তবে ঘটনাস্থলের বর্তমান অবস্থা, অবশিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যবেক্ষণ ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো নাগরিক অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অহেতুক হয়রানির শিকার যেন কেউ না হন, সেটিই নিশ্চিত করা প্রয়োজন।

চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও বিচারের অংশ হিসেবেই জেআইসি পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি এবং সেখানে থাকা সম্ভাব্য আলামত সম্পর্কে সরেজমিন ধারণা নেওয়াই ছিল এই পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য।