ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম আব্দুল মতিনের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মরহুম এই নেতার রাজনৈতিক জীবন, সাংগঠনিক অবদান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নেতাকর্মীরা।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মরহুম আব্দুল মতিন ছিলেন আদর্শনিষ্ঠ, সৎ ও জনমুখী রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি আজীবন দল ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর ত্যাগ, নেতৃত্বগুণ ও রাজনৈতিক আদর্শ বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন হেলু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনোজ্জামান রোকন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম আব্দুল মতিন কেবল একজন জনপ্রতিনিধিই ছিলেন না; তিনি ছিলেন মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক। রাজনৈতিক জীবনে তিনি সাংগঠনিক দক্ষতা, সততা ও জনসেবার মাধ্যমে ফুলপুরের রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন। তাঁর কর্মময় জীবন ও আদর্শ আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।

পরে মরহুম আব্দুল মতিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ, জাতির কল্যাণ এবং গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।