কাগুজে নাম ‘দেবগ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন পরিচালনা কমিটি’। সভাপতি নির্বাচন হবে ১৫ আগস্ট। দেবগ্রাম নামে গ্রামটির যতো উন্নয়নমূলক কাজ আছে কিংবা গ্রামের সামাজিক যত বিষয় আছে সেগুলোতে ওই সভাপতি সভাপতিত্ব করবেন।

তবে বাস্তÍবতা হচ্ছে ভিন্ন। মূলত গ্রামের মেয়র ধরে রাখতে ঐক্যের ভোট করছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম নামে ঐতিহ্যবাহী এ গ্রাম। প্রায় মাস ছয়েকের প্রচেষ্টার পর অবশেষে ১৫ আগস্ট সভাপতি নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ভোটে যিনি নির্বাচিত হবেন তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গ্রামের একক প্রার্থী হিসেবে। গ্রামের প্রায় ২৬০০ পুরুষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। গ্রামের ভোট যেন ঐক্যের মেয়র প্রার্থী পায় সে বিষয়ে সবাই একতাবদ্ধ হয়েছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে দেবগ্রাম থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেয়র পদে একাধিক ব্যক্তি নির্বাচিত হয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে নানা কারণে একতরফা ভোট ও গ্রামের মধ্যে ঐক্য না থাকায় ক্ষমতাসীন দলের বিভিন্ন প্রার্থী নির্বাচিত হয়ে যান। এসব দিক মাথায় রেখেই এবার গ্রামটি ঐক্য ধরের রাখার বিষয়ে মরিয়া হয়ে উঠেছে।

মূলত মে থেকে ওই গ্রামে নির্বাচনের তোড়জোড় শুরু হয়। দেবগ্রাম সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে দফায় দফায় বৈঠক হয়। ইতিমধ্যেই একজনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। তফসিল ঘোষণা শেষে প্রতীক বরাদ্দের কাজও শেষ। তিনজন প্রার্থী হিসেবে রয়েছেন শেখ আমজাদ হোসেন বাবু, মো. ফয়েজ আহমেদ ও রুহুল আমিন খান সুমন।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক ব্যক্তি জানান, কাগজে-কলমে ‘দেবগ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন-২০২৬’ নাম দেওযা হয়েছে। দেবগ্রামের বিভিন্ন বিষয়ে তিনি সভাপতিত্ব করবেন। তবে আমাদের টার্গেট মেয়র নির্বাচনে ওই সভাপতিকে প্রার্থী করা হবে এবং ওই প্রার্থীকে শতভাগ ভোট দিয়ে গ্রামের কেন্দ্র থেকে পাস করানো হবে।

প্রার্থী ফয়েজ আহমেদ জানান, গ্রামের সবাই মিলে যে কমিটি করছে সেটির সভাপতি পদে লড়ছেন তিনি। ভোটের জন্য বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছে। মানুষের যে দোয়া ও ভালোবাসা পাচ্ছেন তাতে তিনি খুশি। একই কথা জানিয়েছেন আরেক প্রার্থী আমজাদ হোসেন বাবু। জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী।