জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনা পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে এই গণ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসেন।
খেলাফতে মজলিস,ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আজিজ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নির্বাহী সভাপতি মাওলানা মাঈনুল ইসলাম খন্দকার, জেলা এনসিপির সদস্য সচিব প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারন সম্পাদক তাজুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সভাপতি জুলফিকার হায়দার রাফি, জেলা ছাত্রশক্তির আহবায়ক তাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোবারক হোসেন বলেন, ২০০৮ সালের পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ ধাপে ধাপে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তিনি দাবি করেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকান্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা, জামায়াতের শীর্ষ নেতাদের জুডিশিয়ালির মাধ্যমে হত্যা এবং পরবর্তী নির্বাচনগুলো ছিল দিনের ভোট রাতে, আমি- ডামি ও ভোট চুরি।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার ১৭ বছরের শাসনামলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে ও ন্যায্য দাবি আদায় করতে পারেনি। সেই ক্ষোভ থেকেই ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সূচনা হয়, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ওই আন্দোলনে বহু মানুষ নিহত, আহত ও পঙ্গুত্ব¡বরণ করেছেন।

মাওলানা মোবারক হোসেন হোসেন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও তাদের নেতা-কর্মীদের বিচার এখনো সম্পন্ন হয়নি। তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনের সময় গণভোট বাস্তবায়নের প্রতিশ্রæতি দেয়া হলেও সরকার তা পূর্ণাঙ্গভাবে কার্যকর করেনি এবং জুলাই সনদ ও জুলাই চার্টারও বাস্তবায়ন করেনি। তিনি এসব দাবি অবিলম্বে বাস্তবায়নের আহবান জানিয়ে বলেন, অন্যথায় জনগণকে সাথে নিয়ে আবারো জুলাই আন্দোলন গড়ে তোলা হবে।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তাদের আত্মত্যাগের স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক সংস্কারের দাবি জানান।