প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবারও লটারিপদ্ধতি চালু করছে সরকার। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি থেকে পরবর্তী সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা হবে না। এ শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। অন্যদিকে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বাকি সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে।
এর আগে, গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে সর্বশেষ সিদ্ধান্তে সেই অবস্থান পরিবর্তন করে প্রথম শ্রেণির ক্ষেত্রে লটারিপদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারিপদ্ধতি চালু হয়। ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই ব্যবস্থা কার্যকর হয়। পরে কোভিড-১৯ মহামারির সময় ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি শুরু হয়, যা এতদিন কার্যকর ছিল। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে আবার প্রথম শ্রেণিতে লটারি এবং অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা—এই পদ্ধতি চালু হচ্ছে।