দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৭৩৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে ৪ শিশু এবং সিলেট বিভাগে ২ শিশু হামের উপসর্গে মারা গেছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৭৬৪ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের হাম নিশ্চিত হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১৬ হাজার ৭৪০ জনে পৌঁছেছে।

এ ছাড়া গত একদিনে ৭৩৩ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে মোট সন্দেহজনক বা উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।