‎দেশ, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নোয়াখালী জেলা পুলিশ।
‎
‎আজ ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। এ উপলক্ষে নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়।
‎
‎​বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় সম্মুখস্থ জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
‎
‎​এ সময় জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে পুলিশ সুপার বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যে রক্তিম ইতিহাস সৃষ্টি করেছে, তা আমাদের জাতীয় ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র সুরক্ষায় শহীদদের এই আত্মত্যাগ দেশবাসী চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
‎
‎​ এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবরসহ নোয়াখালী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
‎
‎​দিবসটি উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে পুলিশ বাহিনী বদ্ধপরিকর বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।