ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫হাজার পিস ইয়াবাসহ মোঃ আবুল হোসেন ও মোঃ রাশেদ মিয়াসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যানসহ জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুর আড়াইটায় উপজেলার তিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল হোসেন সুনামগঞ্জ জেলার সদর উপজেলার গোদিগাঁও গ্রামের আবদুল জলিলের ছেলে এবং মোঃ রাশেদ মিয়া একই জেলার দোয়ারা বাজার উপজেলার এরুয়াখাই গ্রামের আবদুল লতিফের ছেলে।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে উপজেলার তিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান আটক করা হয়।
পরে পিকআপভ্যানে তল্লাশি করে ৫হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।