হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, শোনা যাচ্ছে সাবেক মন্ত্রী রবিউল মোকতাদিরকে জামিন দেওয়া হবে। তার জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল হয়ে যাবে।

তিনি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে শাপলা চত্ত¡রের গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকান্ড ও জুলাই গণহত্যায় উবায়দুল মোকতাদির সহ সকল আওয়ামী খুনিদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান আরো বলেন, ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র, আলেম ও তৌহিদী জনতাসহ ১৬ জন শহীদ হয়েছেন। এই ১৬জনকে হত্যার মূলহোতা রবিউল মোকতাদির। তারা যদি বিচারের সম্মুখীন না হয়, তাহলে আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো। রবিউল সহ সকল দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। শোনা যাচ্ছে ওই লোক নাকি জামিনে আসতে পারে। আপনারা পরিস্কার জেনে রাখুন, যদি জামিনে আসে ব্রাহ্মণবাড়িয়া অচল হয়ে যাবে।

তিনি বলেন, আমরা এই সমাবেশ থেকে ২০০১, ২০১৩, ২০১৬ ও ২০২১ সালে হত্যাকান্ডের বিচার দাবি করছি। বর্তমান সরকারের কাছে উদাত্ত¡ আহবান জানাবো, সমস্ত দোষীদের বিচার করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া বড় মজলুম। ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র-আলেমরা সব সময় রক্ত দেয়, জীবন দেয়, তারপরও বাতেলের সাথে কোন আপোষ করেনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি আল্লামা বোরহান উদ্দিন কাসেমী, সহ-সভাপতি মুফতি মারুফ কাসেমী, আল্লামা তানভীরুল হক সিরাজী, খতমে নবুওয়াত মাদরাসার শায়খুল হাদিস আল্লামা ইকবাল সিরাজি, মুফতি জাকারিয়া খান, মুফতি ইউসুফ ভুইয়া ও মাওলানা বেলাল হোছাইন প্রমুখ।

এর আগে শহরের কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা থেকে হেফাজতে ইসলামের আহবানে ও কওমী ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।