বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার অন্যতম আসামি এবং ঢাকার চিহ্নিত যুবলীগ নেতা হান্নান মিয়াকে চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২ আগস্ট) দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলার তরপুচণ্ডী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত হান্নান মিয়া একই এলাকার মফিজ মিয়ার ছেলে। দীর্ঘ দিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সুনির্দিষ্ট নির্দেশনা এবং চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার পরিদর্শক গাজী কালাম।
পুলিশ জানিয়েছে, হান্নান মিয়ার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার মামলা ছাড়াও একাধিক সন্ত্রাসী ও অপরাধমূলক কার্যক্রমের মামলা রয়েছে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।