আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল এবং সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে।

মঙ্গলবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্রবিরোধী চক্র যেন দিবসটিকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

র‌্যাব জানিয়েছে, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় ঝুঁকি মূল্যায়ন করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে। একই সঙ্গে আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ৪ আগস্ট রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে সাত দিন আগে থেকেই র‌্যাবের সদস্যরা নজরদারি চালিয়ে আসছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, দিবসটি ঘিরে জননিরাপত্তা নিশ্চিত, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।