হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করায় এক সংবাদকর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০ লাখ টাকা লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অনলাইন সংবাদমাধ্যম ‘দ্যা ভয়েচ অব হবিগঞ্জ’-এর সম্পাদক ও প্রকাশক মো. আলফু মিয়া হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) দুপুরে রুহুল আমীন জিলু, মহিবুর রহমান, আবুল কালাম, সুজাত ও ছুরতসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আলফু মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান। এ সময় তাকে দোকানে না পেয়ে হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। অভিযোগে বলা হয়, দোকানের ক্যাশে থাকা নগদ ১০ লাখ টাকা লুট করে নেওয়া হয়। হামলার সময় দোকানে থাকা তার এক ভাতিজা আহত হন। এছাড়া ঘটনার ভিডিও ধারণ করা একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী আলফু মিয়ার দাবি, রুহুল আমীন জিলু ও মহিবুর রহমান দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে জৈব সার উৎপাদন ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ বিষয়ে তিনি পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেওয়ায় তারা ক্ষুব্ধ হন। এরপর থেকেই বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, সাম্প্রতিক হামলার পর তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।