ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি ট্রেনের জন্য মোট তিনটি লোকোমোটিভের প্রয়োজন হয়। সোমবার আন্তনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনের বেলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রেনটি তিন ঘন্টার বেশি বিলম্বে চলাচল করছিলো। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অন্য ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টলা এক্সপ্রেস ট্রেন বিকেল সোয়া পাঁচটায় নির্ধারিত যাত্রাবিরতি দিয়ে আখাউড়া ছেড়ে যায়। ট্রেনটি কিছুূ দূর যাওয়ার পর গঙ্গাসাগর স্টেশনের কাছে লোকোমোটিভ (ইঞ্জিন) বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও ঠিক করতে না পেরে ট্রেনটিকে আখাউড়া ফিরিয়ে আনা হয়। পরে সোয়া,সাতটার দিকে আখাউড়া থেকে আরকেটি লোকোমোটিভ দিয়ে এটিকে কসবা স্টেশন পর্যন্ত নেওয়া হয়। পরে সেখানে দু’টি লোকোমোটিভ কেটে রাখা হয়। লাকসাম থেকে আসা আরেকটি লোকোমোটিভ দিয়ে ট্রেনটি রাত আটটার পর চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (লোকোশেড ইনচার্জ) কালের কণ্ঠকে জানান, আখাউড়া-গঙ্গাসাগরের মাঝে চট্টলার লোকোমোটিভ বিকল হয়। পিছনে এনে আখাউড়ায় থাকা আরেকটি লোকোমোটিভ দিয়ে আবার চালানো হয় ট্রেনটিকে।