ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকের বিরুদ্ধে কথা বলার জেরে মো. শিহাব (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত শিহাব ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
রবিবার সন্ধ্যায় আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। শিহাব মসজিদ পাড়ার মুক্তার হোসেনের ছেলে। হামলার ঘটনায় আরো একাধিক ব্যক্তি আহত হন।
এদিকে এ ঘটনার জের ঐক্যবদ্ধ জনতা সোমবার মসজিদ পাড়ার বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে মাদক ব্যবসা না করার জন্য বলে আসে। কয়েকজন ব্যবসা করবে না বলেও প্রতিশ্রুতি দেয়। এ সময় উত্তেজিত জনতা দুই মাদককারবারির ঘরে ভাঙচুর চালায়।
আলী খাঁন নামে এক ব্যক্তি থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেন, তার ভাই ফরহাদসহ কয়েকজন মাদক ব্যবসায় জড়িত। এ ঘটনায় বাধা দিলে তিনি, শিহাবসহ অনেকের উপর হামলা হয়।
শিহাবের বড় ভাই মো. সোহাগ জানান, ফরহাদ মিয়ার বাড়িতে গিয়ে মাদক ব্যবসা এবং সেবন করতে বাধা দেওয়ার ঘটনায় তার ভাইও যুবকদের সঙ্গে যায়। এরই জের ধরে হামলা হয়।
মাদকবিরোধী অভিযানে থাকা রুবায়েদ হোসেন জানান, মসজিদ পাড়ার বেশ কিছু বাড়িতে মাদক ব্যবসা হয়। আমরা এসব বাড়িতে গিয়ে এ ব্যবসা না করতে বলেছি। তবে কারা বাড়িতে হামলা চালিয়েছে সেটা জানি না।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলাম দু’টি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।