মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিজ আক্তারের নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের মধ্যে।

জেলার বেহাল সড়ক ব্যবস্থা, অনিয়ন্ত্রিত ও অবৈধ ইজিবাইক-অটোরিকশার দৌরাত্ম, দুর্বল ট্রাফিকিং ব্যবস্থাপনা এবং ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন আতিকুর রহমান আপেল, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, এ. মোনেম কলেজের শিক্ষক মুফিজুল ইসলাম, ছাত্র ইউনিয়ন,ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক ওমর ফারুক, কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিন, শিক্ষার্থী অনন্যা, সাদিয়াসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা বলেন, বেহাল সড়ক, অনিয়ন্ত্রিত ও অবৈধ ইজিবাইক-অটোরিকশার দৌরাত্ম এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। নাফিজা আক্তারের মতো একজন তরুণ শিক্ষার্থীর মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায় না।

বক্তারা দ্রুত অবৈধ ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান, বেহাল সড়ক সংস্কার, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দুর্ঘটনা প্রতিরোধে স্থায়ী উদ্যোগ নেয়ার দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।