সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার দুই যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় টঙ্গী স্টেশনের কাছাকাছি স্থানে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের বাসিন্দা ফাহিম মিয়া-(১৪) ও একই জেলার বিজয়নগরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া-(৫০)।
আহত ফাহিমের বড় ভাই আরমান মিয়া বলেন, আমি ও ভাই ফাহিম আশুগঞ্জ থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের “ট” বগির মাঝামাঝি ছিলাম। ফাহিম সিটে বসা ছিলো আমি দাড়িয়ে ছিলাম। ট্রেনটি টঙ্গী স্টেশনের কাছাকাছি পৌছলে বাহির থেকে পাথর ছোড়া হয়। পাথরটি আমার ভাইয়ের গলায় আঘাত করে।
আহত লিটন মিয়া বলেন, আমি বিজয়নগর উপজেলার মুকুন্দপুর স্টেশন থেকে উঠি। পাথরের ঢিলটি আমার মাথায় আঘাত লেগে। ঢাকায় গিয়ে সিটিস্ক্যান করবো। তিনি বলেন, এতে আমার প্রাণহানিও হতে পারতো। এধরনের ঘটনা যেন না ঘটে এ ব্যাপারে সচেতনতা ও সরকারের প্রচার বাড়াতে হবে।
ট্রেনে আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ (কনস্টেবল) আঃ রউফ বলেন, গরমের কারনে যাত্রীরা ট্রেনের জানালা খোলা রাখে। আহত দুইজনকে ঢাকায় গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।