ইরানের সঙ্গে নতুন করে আলোচনার ঘোষণা এবং সম্ভাব্য সামরিক হামলা স্থগিতের ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কমেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের সঙ্গে নতুন দফা আলোচনার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানান, সমঝোতার সুযোগ তৈরি করতে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে।
এর পরপরই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৪১ ডলারে নেমে আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য আলোচনার লক্ষ্য হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন।
এদিকে, এ ঘোষণার পর বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স বেড়েছে ০.৪ শতাংশ এবং নাসডাক ফিউচার্স বেড়েছে ০.৬ শতাংশ। তবে এশিয়ার বাজারে জাপানের নিক্কেই সূচক ১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৩.৬ শতাংশ কমেছে।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা বাড়বে, যা তেলের বাজারে মূল্য কমার অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে।
