জামালপুরের সরিষাবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে সাখাওয়াত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকেলে পৌর এলাকার ধানাটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত শিশু সাখাওয়াত একই গ্রামের ভ্যানচালক সুমন মিয়ার ছেলে বলে জানা গেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার বিকেলে বাড়ীর পাশে সাখাওয়াতসহ কয়েক বন্ধু খোলা মাঠে ফুটবল খেলতে যায়। এসময় ফুটবলটি পাশের ডোবার পানিতে গেলে সাখাওয়াত উঠাতে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত ডোবার পানিতে শিশুটি ডুবে যায়। পরে ওইখানে থাকা অন্য শিশুরা দৌড়ে সাখাওয়াতের মাকে খবর দেয়। পরে স্থানীয়রা ডোবার পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহতের চাচা শহিদ মিয়া বলেন, বৃষ্টির মধ্যে বাড়ীর পাশে মাঠে কয়েকজন শিশু ফুটবল খেলতে দেখতে পাই। ফুটবলটি ডোবার গর্তে পড়ে গেলে সাখাওয়াত বলটি তুলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে।