নাটোরের লালপুরে একটি হিন্দু পাড়ার কয়েকটি পরিবারের উদ্দেশ্যে লিখা এক চিরকুটের মাধ্যমে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেছে সেভেন স্টার নামে কথিত একটি দুর্বৃত্ত গ্রুপ। টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় ওই চিরকুটে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (২আগস্ট ২০২৬) ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা আতঙ্কিত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
জানা গেছে, শনিবার (১ আগস্ট২০২৬) দিবাগত রাতে উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই (পালপাড়া) গ্রামের স্বর্গীয় বৈদ্যনাথ পালের ছেলে নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা একটি হুমকিমূলক চিঠি রেখে যায়। রাত প্রায় ১১টার দিকে নারায়ণ পালের ছেলে অরুণ কুমার পাল চিঠিটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পুরো পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চিঠিতে প্রতিটি হিন্দু পরিবারকে একটি নির্দিষ্ট বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে টাকা না পাঠালে পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এছাড়া একটি পরিবারে পৌঁছানো চিঠি অন্য পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশনা দেয়া হয় ওই চিরকুটে।
নারায়ণ কুমার পাল জানান, ঘটনার পর থেকে তারা কিছুটা উদ্বেগের মধ্যে রয়েছেন। তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
ঘটনার পর আতঙ্কিত পরিবারগুলোর খোঁজখবর নেন উপজেলা বিএনপির নেতারা। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন,মুঠোফোনে হুমকির শিকার পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, লালপুরে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। তাঁর দাবি, বিএনপি ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। তাদের পাশে থাকা এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। খুব শিগগিরই তারা আতঙ্কিত পরিবারগুলোর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন।
এদিকে, সেভেন স্টারের দেয়া হুমকিপত্রে উল্লেখ করা বিকাশ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি রিসিভ করেনি কেউ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখার সভাপতি দীপেন্দ্রনাথ সাহা জানান সেভেন স্টার নামক একটি গ্রুপ বাকনা পাল পড়ায়
নারায়ণ পালের বাড়িতে চাঁদা দাবি ও হত্যার হুমকি দিয়ে একটি চিঠি রেখে।
বিষয়টি খুবই উদ্বেগ ও আতঙ্কের। ঘটনাটি জানার পর পরই উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানো হয়েছে। এব্যাপারে সুষ্ঠ তদন্ত করে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হুমকিপত্রের উৎস শনাক্ত এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।