ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রাম ও পূর্ব গামারীতলা গ্রামে পরিচালিত পৃথক অভিযানে মাদক সেবন ও মাদক রাখার অপরাধে আরিফ (২২) ও জুনায়েদ (৩২) নামে দুইজনকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত আরিফকে ৫ মাসের কারাদণ্ড এবং জুনায়েদকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাভোগের আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাইন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’