“যে অপরের কল্যাণ করে, সে সবার আগে নিজের কল্যাণ করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শাল্লা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশিষ্টজন ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মো. সুলেমান মিয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাড. দীপু রঞ্জন দাস। শুরুতে স্বাগত বক্তব্যে মো. সুলেমান মিয়া সংগঠনের অতীত কার্যক্রম তুলে ধরে শাল্লাবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট রাগীব-রাবেয়া কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল আমিন, শাল্লা উপজেলার সাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রঞ্জিত চক্রবর্তী এবং হাওর ও জলবায়ু অধিদপ্তরের উপপরিচালক পল্লভ হুম দাস।

এছাড়াও বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য রানা রঞ্জন চৌধুরী, চিন্তা হরণ চৌধুরী, সজল কান্তি দাস, বিবেকানন্দ দাস (রান্টু) ও মো. দেলোয়ার হোসেন তালুকদার। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসী ও স্থানীয় শাল্লাবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে অ্যাড. হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক হিসেবে অশেষ তালুকদার নির্বাচিত হন। একই সঙ্গে সংগঠনের সার্বিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং শাল্লাবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।