ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ‘ক্লিন সানডে’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার সকালে ধোবাউড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন।

পরবর্তীতে ইউএনও মোশারফ হোসাইন দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নেন। তিনি শিক্ষার্থীদের পাঠদান করেন এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ সংরক্ষণ ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। শিক্ষার্থীরাও তাঁর সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়।

কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।