দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন। শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হন।

সাফের কার্যনির্বাহী কমিটির নির্বাচনেও কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের জন্য প্রার্থীর সংখ্যা শূন্যপদের বেশি না হলে সংশ্লিষ্ট প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত বলে গণ্য হন।

Advertisement

কাজী সালাহউদ্দিন ২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এবার তিনি টানা পঞ্চম মেয়াদে দায়িত্ব পেলেন।

এর আগে সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সীদের নির্বাহী কমিটির পদে নির্বাচন করার সুযোগ ছিল না। তবে গত বছর কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সদস্য দেশগুলোর সর্বসম্মতিক্রমে সেই বয়সসীমা বাতিল করা হয়। ফলে নতুন মেয়াদে নির্বাচিত হতে তার আর কোনো বাধা থাকেনি।

নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্বও বেড়েছে। বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া, শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি এবং মালদ্বীপের হুসাইন শাফিউ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।