জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচি থেকে দেশে ন্যায়বিচার, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আখাউড়ায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান, সহকারী সেক্রেটারি মাওলানা মো. সানাউল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তারা বলেন, সাম্প্রতিক গণমিছিলে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, জুলাইয়ের চেতনা এখনও জনগণের হৃদয়ে অটুট রয়েছে।’