দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৭২ জন নতুন রোগী শনাক্ত বা উপসর্গ নিয়ে নিবন্ধিত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আরও ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। ফলে উপসর্গ ও নিশ্চিত—দুই মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০ জনে।
গত ২৪ ঘণ্টায় ১২১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে দেশে মোট ১৬ হাজার ১৮০ জনের হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে ৭৫১ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ২৯ হাজার ৬১ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে অন্যান্য রোগীরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।