বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে আগামী সপ্তাহেই একদল মার্কিন বিনিয়োগকারী ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠককে ‘ফলপ্রসূ’ উল্লেখ করে গোর বলেন, মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরের সময় সম্ভাবনাময় বিভিন্ন খাত পর্যালোচনা করবেন এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করবেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে সার্জিও গোর বলেন, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে উভয় পক্ষের সামনে থাকা বিভিন্ন সুযোগ-সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি যৌথ উদ্যোগের মাধ্যমে বাস্তব ও ইতিবাচক ফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে শুক্রবার তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। সেখানে শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। সফরকালে তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
উল্লেখ্য, ৩০ জুলাই তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান ট্রাম্প প্রশাসনের এই বিশেষ দূত। তার এই সফরকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান কূটনৈতিক সংলাপ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।