রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে শনিবার সকালে বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়ার খবরে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের তদন্তে নিশ্চিত হওয়া গেছে, দুটি বস্তুই বোমা নয়। ফলে মেট্রোরেল চলাচল ও জনজীবন স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানায়, খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিটিটিসি (CTTC)-এর বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে পাওয়া সন্দেহজনক ব্যাগটি প্রথমে এক্স-রে করে পরীক্ষা করা হয়। এরপর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে সেটি নিরাপদে খোলা হয়। পরে দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। সেখানে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।
অন্যদিকে, তেজগাঁও থানার আওতাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও বোমা সন্দেহ তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে বোম্ব ডিসপোজাল ইউনিট নিরাপত্তা নিশ্চিত করে বস্তাটি পরীক্ষা করে এবং নিশ্চিত হয় যে, এর ভেতরেও কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক রয়েছে এবং যেকোনো সন্দেহজনক বস্তু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।