রাজধানীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ছুটির দিনেও মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হয়ে প্রধানমন্ত্রী প্রায় আড়াই ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তার গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করে।
পরিদর্শনকালে তিনি শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত ও শেওড়াপাড়াসহ ঢাকা উত্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পরিচ্ছন্নতা ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
উপ-প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বারবার রাজধানী ঢাকাকে একটি ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। সেই লক্ষ্যেই তিনি সরেজমিনে সড়কের পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনা পরিদর্শন করছেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
পরিদর্শন শেষে মাগরিবের নামাজের সময় প্রধানমন্ত্রী গুলশানের বাসভবনে ফিরে যান।
সূত্র: বাসস