সরকারি গেজেট অনুযায়ী নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর উস্থি ইউনিয়নের জে এল-১৪৩ নং নয়াবাড়ি মৌজায় দ্রুত বাস্তবায়নের দাবিতে দক্ষিণ গফরগাঁও উপজেলা ফোরামের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকাল ১০টায় নয়াবাড়িস্থ শাপলা চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে এলাকার বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, সাবেক সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা ফোরামের আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশরাফ-উজ-জামান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) এ কে এম মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সহকারী পুলিশ সুপার মো. হাম্মাদ হোসেন নয়ন, সাবেক সহকারী পুলিশ সুপার আবু সাঈদ হিরন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম আনছার উদ্দিন, একুশে টেলিভিশনের বার্তা প্রযোজক মু. আনোয়ারুল কাইয়ূম কাজল, আলিমুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. শামসুল আলম, আলিমুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম এম মমতাজ উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জে এল-১৪৩ নং নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর নির্ধারণ করে সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের একটি গণদাবি বাস্তব রূপ পেয়েছে। এখন আর নতুন কোনো ঘোষণা নয়—জনগণ দ্রুত উপজেলা পরিষদ ভবনসহ সকল প্রশাসনিক অবকাঠামোর নির্মাণকাজ শুরু হতে দেখতে চায়।
তারা বলেন, একটি উপজেলা প্রতিষ্ঠা শুধু প্রশাসনিক ভবন নির্মাণের বিষয় নয়; এটি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দক্ষিণ গফরগাঁওয়ের মানুষ বহু বছর ধরে এই স্বপ্ন লালন করে এসেছে, আর সরকারি গেজেট সেই স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম করেছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, জে এল-১৪৩ নং নয়াবাড়ি মৌজা ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়নের মানুষের সহজ যাতায়াতের দিক থেকে সবচেয়ে উপযুক্ত ও জনবান্ধব স্থান। তাই সরকারের গেজেটভুক্ত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করে উপজেলা প্রশাসনের কার্যক্রম শুরু করার দাবি জানান তারা।
বক্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রের আইনগত ও গেজেটভুক্ত সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়নই জনগণের প্রত্যাশা। একই সঙ্গে উন্নয়নের স্বার্থে সকলকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং আইনসম্মত প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানান তারা।
সমাবেশে অংশগ্রহণকারীরা দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় গেজেটভুক্ত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু-এর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সমাবেশের শেষাংশে বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, “দক্ষিণ গফরগাঁওয়ের মানুষ আর প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চায়। তাই সরকারি গেজেট অনুযায়ী জে এল-১৪৩ নং নয়াবাড়ি মৌজায় উপজেলা সদর স্থাপনের সব ধরনের কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে। নয়াবাড়ি থেকেই দক্ষিণ গফরগাঁওয়ের উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হোক।”