ব্রাহ্মণবাড়িয়া ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনকারী একটি অটোরিক্সা জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার ভাদুঘর হুজুর বাড়ির সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে র‌্যাব-৯-এর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের মোঃ স্বপন মিয়া-(২৫), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামের আছমা বেগম-(৫৫) ও একই এলাকার বকুল বেগম-(৬০)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদেও ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৯-এর সিপিসি-১- ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের একটি দল পৌর এলকার ভাদুঘর এলাকার হুজুর বাড়ির সামনে অভিযান চালিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকসা আটক করে। পরে অটোরিকসায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এই গাঁজা তারা সদর উপজেলার সুলতানপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দিকে নিয়ে যাচ্ছিল। তারা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।