পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে দুটি কয়লা খনিতে বিস্ফোরণ ও দুর্ঘটনায় অন্তত ৩৪ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সংঘটিত এ ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানী কোয়েটার কাছে সোরাঞ্জ এলাকার একটি কয়লা খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে। খনির মালিক কুরবান জোগেজাই জানান, বিস্ফোরণের সময় খনির ভেতরে ৪২ জন শ্রমিক কাজ করছিলেন। নিহত ও নিখোঁজ শ্রমিকদের সবাই খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার বাসিন্দা।

Advertisement

দুর্ঘটনার পরপরই বেলুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।

ঘটনার পর বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।

একই দিনে বেলুচিস্তানের হারনাই জেলার আরেকটি কয়লা খনিতে বড় পাথরের চাঁই ধসে আরও এক শ্রমিক নিহত হন।

পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশের কয়লা খনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। চলতি জুলাইয়ের শুরুতে সিন্ধের থাট্টা জেলার একটি কয়লা খনিতে ধসে চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছিলেন।

সূত্র: রয়টার্স