স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) এর অধীনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্মাণাধীন একটি রাস্তায় চুক্তির চেয়ে কম পুরুত্বের ঢালাই দেওয়া এবং নি¤œমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ভিডিও প্রচার হলে কর্তৃপক্ষের টনক নড়ে।

ইতিমধ্যেই ওই রাস্তা ও ড্রেন নতুনভাবে নির্মাণের নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইসঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কাজের তদারকিতের থাকা এলজিইডির কর্মচারিকে কারণ দর্শাতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে আখাউড়ায় তোলপাড় শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর বাজার থেকে কৌড়াতলী লঞ্চঘাট পর্যন্ত ৬৪০ মিটার রাস্তা ও ৩৪০ মিটার ড্রেন নির্মাণের প্রকল্প বাস্তবায়ন শুরু হয়। ওই প্রকল্পের মোট চুক্তিমূল্য ৫০ লাখ টাকা। চুক্তি অনুযায়ি ড্রেনে ১০০ মিলি মিটার ঢালাই ও সড়কে ভালো মানের ইট ব্যহারের কথা।

অভিযোগ উঠে, ঠিকাদারি প্রতিষ্ঠান জমির জুলিয়া ট্রেডার্স চুক্তি অনুযায়ি কাজ করছেন না। গত ২৪ জুলাই স্থানীয় লোকজন কাজে অনিয়ম দেখতে পেয়ে ভিডিও করেন। বিষয়টি তারা সাংবাদিকদেরকেও জানান। এরই মধ্যে এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অভিযোগ করা হয়, ঢালাই কাজে সিমেন্টের বদলে মাটিও ব্যবহার করা হয়েছে। যে কারণে ঢালাই ভেঙ্গে যাচ্ছে। এসব বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে জেনে ও ফেসবুকে দেখতে পেয়ে সরব হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আখাউড়া এলজিইডি অফিস সূত্র জানায়, ২৫ জুলাই সরজমিনে গিয়ে কাজে ত্রুটি পরিলক্ষিত হয়। অনুমোদিত ডিজাইন, ড্রয়িং ও স্পেসিফিকেশ মোতাবেক কাজ হচ্ছিলো না। সিসি ঢালাই ১০০ মিমি এর বদলে ৬২ থেকে ৬৫ মিমি পর্যন্ত দেওয়া হচ্ছিলো। পাশাপাশি চুক্তি অনুযায়ি ইট দেওয়া হচ্ছিলো না। কাজের পাশে রাখা খোয়া নিম্নমানের পরিলক্ষিত হয়।

এদিকে এলজিইডি কর্তৃপক্ষ সরজমিন পরিদর্শন শেষে ২৬ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠান ও কাজের তদারককারি কার্য সহকারিকে কারণ দর্শাতে চিঠি দেন। ওই চিঠিতে নি¤œমানের কাজের অভিযোগ আনা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। একইসঙ্গে কার্য সহকারির বিরুদ্ধে অবহেলা ও অদক্ষতার অভিযোগ আনা হয়।

এলজিইডি আখাউড়া উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম সুমন জানান, বৃষ্টির মধ্যে কাজ করা হয়। ত্রুটিপূর্ণ ঢালাই করা হয়েছে। এসব কাজ নতুন করে করার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান ও তদারককারিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।