দক্ষিণ গফরগাঁওয়ের প্রাণকেন্দ্র কান্দিপাড়ার নিকট সরকারি গেজেটভুক্ত জে.এল. ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় “দক্ষিণ গফরগাঁও উপজেলা” প্রশাসনিক সদর দপ্তর স্থাপন এবং এ বিষয়ে দায়ের করা ষড়যন্ত্রমূলক রিটের প্রতিবাদ ও রিটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে দক্ষিণ গফরগাঁওয়ের মুখী স্কুলের বাজারে মশাখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুলসংখ্যক জনতা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি মুখী স্কুলের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম আনসার উদ্দিন, মশাখালী ইউনিয়ন বিএনপি নেতা চমক ফকির, আবসার উদ্দিন, ফেরদৌস আলম ও নাসির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক সদর দপ্তর সরকারি গেজেট অনুযায়ী জে.এল. ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজাতেই স্থাপন করতে হবে। তারা অভিযোগ করেন, একটি মহল বিভিন্ন অপতৎপরতা ও আইনি জটিলতা সৃষ্টি করে উপজেলার কার্যক্রম বাস্তবায়ন বিলম্বিত করার চেষ্টা করছে, যা দক্ষিণ গফরগাঁওবাসীর ন্যায্য অধিকার ও উন্নয়নের পরিপন্থী।

তারা নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু, উপজেলা কমপ্লেক্স নির্মাণের কাজ অবিলম্বে বাস্তবায়ন এবং উন্নয়ন বাধাগ্রস্ত করতে দায়ের করা কথিত ষড়যন্ত্রমূলক রিটের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সমাবেশ শেষে বক্তারা বলেন, দক্ষিণ গফরগাঁওবাসীর ন্যায্য দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।