হবিগঞ্জের ঘটনার একদিন পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

এনসিপির স্থানীয় নেতারা হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, কর্মসূচি শেষে নেতারা সিলেটের উদ্দেশে রওনা হলে দূর থেকে ছোড়া একটি ইট সারজিস আলমের গাড়িতে আঘাত করে, এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সারজিস আলম লিখেছেন, “সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।”

পরে আরেকটি পোস্টে তিনি দাবি করেন, সিলেটের পাঁচ মাইল বাজার এলাকায় তাদের ওপর দ্বিতীয় দফায় হামলা হয়েছে। সেখানে তিনি লেখেন, “২য় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মতবিনিময় সভা শেষে এনসিপির নেতারা বের হওয়ার সময় একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। পরে চৌমুহনী এলাকায় গাড়িবহর পৌঁছালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করেও হামলার ঘটনা ঘটে।