জন্ম থেকেই দুই হাত নেই। তবু থেমে থাকেননি আয়শা আক্তার। পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করার পর এবার চাকরির স্বপ্নও পূরণ হলো তার। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন আয়শা।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা আয়শা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই অনুষ্ঠানে আরও দুই বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। তারা হলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার হাসমত আলী।

জন্ম থেকেই দুই হাতবিহীন নীলা খাতুনও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তিনজনই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এটিকে তাদের নতুন কর্মজীবন ও নতুন স্বপ্নের সূচনা হিসেবে উল্লেখ করেন।