জাতীয় সংসদের বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়াকে মাদক, কিশোর সন্ত্রাস ও অপরাধমুক্ত করতে সরকার ও প্রশাসনের পাশাপাশি দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শহরের কাজীপাড়ায় পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর মডেল থানার আয়োজনে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম চপলের সঞ্চালনায় অনুষ্ঠিত মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এম.পি আরো বলেন, সমাজ ও পরিবারের শান্তি রক্ষা করতে হলে আগে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই মাদক প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গুলোকে আরো সক্রিয় হতে হবে। মাদক নির্মূলে আইনজীবীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সাথে মাদকের বিরুদ্ধে নতুন আইন ও কঠোর প্রয়োগের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানরা যাতে সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে না থাকে, সে বিষয়ে অভিভাবকদের নজর রাখতে হবে। পাশাপাশি সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে অবস্থানকারী শিক্ষার্থীদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, র্যাব-৯-এর- ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কোম্পানি কমান্ডার মোঃ নুরুন্নবী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ বলেন, সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার প্রচেষ্টা যথেষ্ট নয়। এজন্য সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে শান্তিপূর্ন ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কাজে রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনগনের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
