মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে দুটি বাড়ির সামনে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করা হয়। কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নওদাপাড়া গ্রামের বাসিন্দা মো. নিজাম উদ্দিন ও ইমদাদুল হকের বাড়ির প্রধান ফটকের সামনে কালো টেপে মোড়ানো দুটি সন্দেহজনক বস্তু দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা বিষয়টি ভবানীপুর পুলিশ ক্যাম্পে জানান।

খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আব্দুল করিম ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করেন।

ইমদাদুল হকের ছেলে হোসেন জানান, সকালে বাড়ির সামনে অপরিচিত বস্তু দুটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে বস্তুগুলো নিয়ে যায়। কারা বা কেন এগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম বলেন, উদ্ধার করা বস্তু দুটি এখনো বিস্ফোরক হিসেবে নিশ্চিত করা হয়নি। নিরাপত্তার স্বার্থে সেগুলো পানিভর্তি পাত্রে সংরক্ষণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি স্থানীয়দের গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

স্থানীয় ইউপি সদস্য মহন আলী বলেন, বিলপাড়া এলাকার দুটি বাড়ির সামনে কালো টেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৃত স্বরূপ নিশ্চিত করা হবে। একই সঙ্গে কারা এগুলো সেখানে রেখে গেছে এবং এর পেছনে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।