ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে কৃষি জমিতে মাটি ভরাট ও ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাট করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ জনকে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। একই সাথে ড্রেজিং কাজে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীনের নেতৃত্বে গত সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাসিরনগর সদর, নুরপুর, কদমতলী, পূর্বভাগ ও তিলপাড়া এলাকায় এই ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে মোজাহিদ মিয়াকে ৫০ পঞ্চাশ হাজার টাকা, আলী আহমদকে ১৫ হাজার, খলিল মিয়াকে ৩০ হাজার, মনিরুল ইসলাম ১ লাখ টাকা ও রেজাউল হককে ৫০ হাজার টাকাসহ মোট ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ অভিযানে নাসিরনগর পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন ।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ইউএনও শাহীনা নাছরীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষি জমি, জলাশয় ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি সৃষ্টি করে। পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের ড্রেজিং বিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকান্ডের তথ্য প্রশাসনকে জানাতে স্থানীয় জনগণের প্রতি আহবান জানানো হয়।