সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলোচিত সেলিম মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং র্যাব-১৩, সিপিসি-২ (নীলফামারী)-এর যৌথ অভিযানে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) র্যাব-৯-এর সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ১০ জুলাই সকালে জগন্নাথপুর উপজেলার গড়গড়িকান্দি এলাকায় ধানের বীজ নষ্ট হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নিলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে সেলিম মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত সেলিম মিয়ার ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার ভাঙ্গাপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কাজল মিয়া (৪০), দুলাল মিয়া (৩৮), হিরন মিয়া (৪৪), রাজিক মিয়া (৩৯), ফুল মিয়া (৩০), আতিক মিয়া (৩৪), আশিক মিয়া (৩৭) এবং রাজু মিয়া (২৪)। তাদের সবার বাড়ি জগন্নাথপুর উপজেলার উত্তর গড়গড়িকান্দি গ্রামে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।