ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর-এর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সফররত বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে জয়শঙ্কর বলেন, দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।

Advertisement

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় উল্লেখ করেন, উভয় পক্ষ আঞ্চলিক পরিস্থিতি ও বৈশ্বিক প্রেক্ষাপট নিয়েও মতবিনিময় করেছে এবং ভবিষ্যতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার দিল্লি পৌঁছান ড. খলিলুর রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, সফর শেষে তিনি বৃহস্পতিবার মরিশাসের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের সহযোগিতা ও সংলাপ অব্যাহত রাখার ইঙ্গিত বহন করে।